যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি আটলান্টার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী লড়াইয়ে বটমস পরাজিত করেছেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের রিক জ্যাকসনকে। জ্যাকসন বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভোটাররা বটমসকেই বেছে নিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বটমসের এই জয়ে অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগাম ভোট গ্রহণের সময় ভোটারদের ব্যাপক উপস্থিতি নির্বাচনে বড় প্রভাব ফেলেছে।
নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান শিবির বটমসের মেয়র থাকাকালীন আটলান্টার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তাকে কঠোর সমালোচনা করেছিল। তবে এ ধরনের প্রচারণাকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন বটমস। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তিনি বলেন, আটলান্টাকে একটি ভয়ংকর জায়গা হিসেবে তুলে ধরার চেষ্টা দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।
এই বিজয়ের মধ্য দিয়ে জর্জিয়ায় টানা তৃতীয়বারের মতো গভর্নর পদে একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিল ডেমোক্র্যাটিক পার্টি। এর আগে স্টেসি অ্যাব্রামস ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। বর্তমান গভর্নর ব্রায়ান কেম্প মেয়াদসীমার কারণে আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন।
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৯: ৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০: ০৯





