‘আটলাসের সিংহ’দের সামনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’

Badshah Alamgir

Published: June 14, 2026, 12:20 pm

র‍্যাঙ্কিং বলছে মরক্কো–ব্রাজিল প্রায় সমান শক্তির দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ এবং মরক্কোর ৭। কিন্তু বিশ্বকাপ কী আর র‍্যাঙ্কিং মানে!

এই টুর্নামেন্টে ব্রাজিলের প্রতিপক্ষ যেই হোক, ‘সেলেসাও’রা অঘোষিতভাবে ফেবারিট। ফলে ম্যাচের আগে অনেক কথা হলেও ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ‘আটলাসের সিংহ’খ্যাত মরক্কো বুঝিয়ে দিল ‘হাইপ’ এবং র‍্যাঙ্কিং—কোনোটাই মিথ্যা নয়।

ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধে দাপুটে খেলা উপহার দিয়েছে সর্বশেষ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলা দলটি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল গুছিয়ে নিয়ে খেলায় ফিরলেও সেটা ছিল সেরা ছন্দের ব্রাজিল থেকেও অনেক দূরে। ফলে সব মিলিয়ে এই ম্যাচে ১–১ গোলের ড্রকে ন্যায্যই বলা যায়।

নিউ জার্সিতে প্রথমার্ধে ভিনিসিয়ুসের ব্যক্তিগত নৈপুণ্যের গোলটা বাদ দিলে নখদন্তহীন এক ব্রাজিলকে দেখা গেছে। বিশেষ করে শুরুর আধাঘণ্টা ব্রাজিলের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। এই সময়টাতে ব্রাজিলের খেলা ছিল অস্থির ও ছন্দহীন।

প্রথমার্ধে ফরোয়ার্ড লাইনে ইগর থিয়াগো বেশ পরিশ্রম করছেন, তবে তা ফলপ্রসু ছিল না। দগলাস সান্তোসও ভালো খেলছেন। কিন্তু ইবানিয়েজ ছিলেন কূলকিনারাহীন, পুরোপুরি দিশাহারা। মরক্কোর আক্রমণগুলো যেন বুঝতেই পারছিলেন না। মার্কিংয়েও ভীষণ দুর্বল এবং গুরুত্বপূর্ণ সময়ে সামনে গিয়েও প্রভাব রাখতে পারেননি।