একসময় স্প্রিন্টের ট্র্যাকে ঝড় তোলা যুক্তরাজ্যের সাবেক স্প্রিন্টার বেথ ডবিন এখন অসুস্থতার কারণে দিনের ২২ ঘণ্টাই বিছানায় কাটাতে বাধ্য হচ্ছেন। মাইয়্যালজিক এনসেফালোমাইয়েলাইটিস (এমই) বা ক্রনিক ফ্যাটি সিন্ড্রোম নামক প্রাণঘাতী এই রোগে আক্রান্ত ৩২ বছর বয়সী ডবিন বিবিসি স্পোর্টসকে জানান, এই রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা নিরাময়ের উপায় নেই। যুক্তরাজ্যে সরকারি হিসেবে চার লাখ মানুষ এই রোগে আক্রান্ত হলেও প্রকৃত সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেক আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারলেও অনেকের ক্ষেত্রেই সার্বক্ষণিক দেখাশোনা ও নলের মাধ্যমে খাবার দেয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।
এই পরিস্থিতি মোকাবিলায় এমই রোগের গবেষণার জন্য সরকারি তহবিল বরাদ্দ ও ডবিনের সঙ্গে সরাসরি সাক্ষাতের দাবিতে সাড়ে তিনশ’ জনেরও বেশি বিশিষ্ট ক্রীড়াবিদ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের কাছে চিঠি পাঠিয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অলিম্পিক পদকজয়ী দিনা অ্যাশার-স্মিথ, টম ডালি, এভারটন কোচ ডেভিড ময়িস, ইউএস ডব্লিউএনটি কোচ এমা হেইস এবং চেলসির সাবেক তারকা মিলি ব্রাইটের মতো তারকারা।
চিঠিতে গবেষকদের জন্য সমতার ভিত্তিতে তহবিল বরাদ্দের দাবি জানিয়ে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বৃটেন সরকার পার্কিনসনস রোগের জন্য ৭ কোটি ৯১ লাখ এবং ডিমেনশিয়ার জন্য প্রায় ৪৯ কোটি ৬৪ লাখ পাউন্ড বরাদ্দ দিলেও এমই গবেষণার জন্য বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ৬৬ লাখ পাউন্ড। পর্যাপ্ত অর্থায়নের অভাবেই এই রোগের কোনো অনুমোদিত চিকিৎসা তৈরি হয়নি।
নিজের চরম শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে এনে ডবিন জানান, সাক্ষাৎকারের পর থেকে তার শরীরের অবস্থা আরও খারাপ হয়েছে এবং সপ্তাহে একবার গোসল করার মতো শক্তিও তিনি পাচ্ছেন না। তবে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে। ‘ThereForME’ চ্যারিটির সহ-প্রতিষ্ঠাতা কারেন হারগ্রেভ বলেন, সরকার এমই আক্রান্তদের হতাশ করেছে এবং তারা আশা করেন নতুন সরকার ডবিনের সঙ্গে বৈঠক করে এই তহবিল ঘাটতি দূর করবে।
বৃটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা জিনগত গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের মতো আধুনিক উদ্যোগে সহায়তা চালিয়ে যাচ্ছে। ক্রীড়াবিদদের এই দাবি এমই রোগীদের জীবনে নতুন আশার আলো দেখাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





