সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান

Published: November 2, 2026, 7:36 am

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর আসনের সংরক্ষিত মহিলা আসনে (আসন-২৩) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামান। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। বাছাইপর্বে তার মনোনয়ন বৈধ ঘোষিত হয় এবং ১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এর আগে, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়িয়ে পড়লে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২৭ অক্টোবর যাচাই-বাছাই, ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এলিজা জামানকে বিজয়ী ঘোষণা করা হলো।

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। ২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান থাকাকালে তিনি শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy