মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে রবিবার (১ নভেম্বর) তিন শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১৭৭টি পোশাক কারখানা আজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া গাজীপুরের চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত এলাকাতেও শতাধিক কারখানা বন্ধ ছিল। বাকি কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে। তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে সরকার মজুরি বোর্ড গঠনের পরও এই বিক্ষোভ পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, গাজীপুরের কারখানাগুলো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছুটি দেওয়া হয়েছিল। তবে আগামী সোমবার থেকে সব কারখানা খোলা থাকবে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।





