ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদসহ আটজন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় হারুন-অর রশীদ ছাড়াও রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান এবং রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি রয়েছেন।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. তারেক বিন রশিদ এবং নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছানকেও বরখাস্ত করা হয়েছে। একই আদেশে ডিএমপির সাবেক তিন সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন, মো. মনিরুজ্জামান এবং কাজী মিজানুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।





