যুক্তরাষ্ট্রের ওরেগনে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩

Published: October 30, 2026, 5:53 am

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডিভ্যান্ট এবং যুক্তরাজ্যের একজন শিক্ষানবিশ পাইলট। কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টার দুটির একটিতে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলট ছিলেন, আর অন্যটিতে ছিলেন টাইলার স্টারডিভ্যান্ট। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় লাল ও সবুজ রঙের হেলিকপ্টার দুটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুর্ঘটনাস্থলের কাছের হাইওয়ে ২৩৩-এর প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) তদন্তে যুক্ত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান জেরি ট্রিম্বল হেলিকপ্টারস জানিয়েছে, তারা তদন্তকারী কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh