স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, তিন দিনের রাষ্ট্রীয় শোক

Published: October 29, 2026, 3:21 am

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনার শিকার ট্রেন দুটি মাদ্রিদ থেকে সোয়েদাদে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশটির পরিবহনমন্ত্রী জানান, ওই অঞ্চলের রেললাইনের প্রধান এলজেডবি (LZB) সিগন্যালে ত্রুটি দেখা দেয়। এর ফলে সেখানে থাকা সব ট্রেনকে স্বয়ংক্রিয়ভাবে থামার সংকেত দেওয়া হয়। ওই সময় দুর্ঘটনার কবলে পড়া ‘রেনফে হাইস্পিড ট্রেন’ এবং ‘ইরো ট্রেন’ দুটিই লাইনে ছিল। ইরো ট্রেনটি রেনফে ট্রেনের ২৫ কিলোমিটার সামনে দাঁড়িয়ে ছিল।

সিগন্যালে ত্রুটি দেখা দেওয়ার পর স্পেনের সরকারি রেলঅবকাঠামো পরিচালনা সংস্থা ‘আদিফ’ ট্রেন পরিচালনার কমান্ডের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এরপর কমান্ডে থাকা ব্যক্তি সিগন্যালে লালবাতি থাকা সত্ত্বেও ‘রেনফে হাইস্পিড ট্রেনটিকে’ চলার অনুমতি দেন এবং এর জন্য কোনো গতির সীমাও নির্ধারণ করে দেওয়া হয়নি। ফলে ২০০ কিলোমিটার গতিতে ছুটতে থাকা রেনফে ট্রেনটি সামনে দাঁড়িয়ে থাকা ইরো ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে।

এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, চলতি বছরের শুরুতে স্পেনের একই রেলপথে অন্য আরেকটি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছিল। তবে প্রাথমিক পর্যালোচনায় বর্তমান দুর্ঘটনার সঙ্গে পূর্বের ওই ঘটনার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। পূর্ণাঙ্গ তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

উচ্চগতির রেলব্যবস্থার ওপর যাত্রীদের আস্থা ফেরানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, স্পেনের মতো দেশে একই বছরে উচ্চগতির ট্রেনের দুটি দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই খাতে জনসচেতনতা ও আস্থা ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin