পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফারাক্কা চুক্তি নবায়নের মাধ্যমে ভারত প্রমাণ করবে যে তারা কেবল বাংলাদেশ সরকারের নয়, বরং দেশের ২০ কোটি জনগণের প্রকৃত বন্ধু। বুধবার বিকেলে রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে প্রতিবেশীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন, ১২ ডিসেম্বরের পর সেই ধারাবাহিকতাতেই চুক্তিটি নবায়ন করা হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টিম গঠন করা হয়েছে। গত জুনে কোলকাতায় এ নিয়ে একটি বৈঠকও হয়েছে। এছাড়া ভারতীয় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে সাক্ষাতের সময় বাংলাদেশ তার অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই ডিপিপি তৈরি করা হবে এবং চীন, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসের পরামর্শকদের মতামত গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যেন দীর্ঘদিনের ভুক্তভোগীরা শত বছর ধরে এর সুফল ভোগ করতে পারেন।
রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালের উন্নয়ন নিয়ে ফরহাদ হোসেন আজাদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় খাল, নদী ও জলাশয়গুলোর পুনর্খনন করা হচ্ছে যাতে সেগুলো প্রাণ ফিরে পায় এবং শহর দূষণমুক্ত থাকে। ১৪ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশন যৌথভাবে এই খালের উন্নয়ন কাজ করছে। বর্তমানে ১৮ ভাগ কাজ শেষ হয়েছে এবং ২০২৭ সালের জুনের মধ্যে বাকি ৮২ ভাগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, খালের পাশে বসবাসকারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিসিটিভি মনিটরিং করা হবে এবং খালে ময়লা ফেললে জরিমানার আওতায় আনা হবে। এছাড়া খালের দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ালে কোনো ব্যক্তি, দল বা মতকে ছাড় দেওয়া হবে না এবং শক্তিশালী ব্যক্তি হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল ইসলাম ও যুবদল কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।





