অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে কাঁধের চোটে পড়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচিন। আগামী ২২ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে কিউইদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও, তার আগে তিনি পুরোপুরি ফিট হতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত বুধবার স্কাইয়ের একটি বিজ্ঞাপনী শুটিং চলাকালে ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে নিরাপত্তার জন্য বিছানো ম্যাটের ওপর পড়ে যান রাচিন। এতে তাঁর কাঁধের হাড় সরে যায়। তবে শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তাঁর কাঁধে বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ব্যবস্থাপক মাইক স্যান্ডেল এই ঘটনাটিকে একটি দুর্ভাগ্যজনক চোট হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শুটিংয়ের সময় অনাকাঙ্ক্ষিতভাবে ম্যাটের ওপর পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। রাচিনকে দ্রুত সুস্থ করে মাঠে ফিরিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
রাচিনকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে রাজি নন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। আগামী ছয় মাসে দলের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ থাকায় রাচিনের চোট নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন তিনি। এদিকে, ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আগামী সপ্তাহের শুরুতেই নিউজিল্যান্ড দল ঘোষণা করার কথা রয়েছে।





