প্রীতি ম্যাচ খেলতে মাঠে বাংলাদেশ, আসেনি প্রতিপক্ষ চীন

Published: September 19, 2026, 7:43 am

এশিয়ান গেমসের সেমিফাইনালের প্রস্তুতি হিসেবে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে নির্ধারিত সময়ে মাঠে গিয়েও প্রতিপক্ষের দেখা পায়নি টাইগ্রেসরা। শেষ পর্যন্ত প্রতিপক্ষ ছাড়াই নিজেদের মধ্যে অনুশীলন করে সেমিফাইনালের প্রস্তুতি সারতে হয়েছে বাংলাদেশকে।

স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে সকাল সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছে যায় বাংলাদেশ দল। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও চীনা দলের কোনো হদিস মেলেনি। পরে জানা যায়, চীন ম্যাচটি খেলতে আসছে না। মাঠের কিউরেটরের কাছ থেকে বাংলাদেশ দল প্রথম জানতে পারে যে নির্ধারিত ম্যাচটি হচ্ছে না। কিছুক্ষণ পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়।

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) তাদের কাছে একটি প্রীতি ম্যাচ খেলার অনুরোধ করেছিল। বিসিবির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ এই ম্যাচে অংশ নিতে রাজি হয়। সব প্রস্তুতি সম্পন্ন করার পরও চীন কেন আসেনি, তা ইতিমধ্যে ওসিএকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন ইমরোজ আহমেদ।

উল্লেখ্য, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin