আসিয়ান কাপের দল ঘোষণা বাফুফের, চোটের কারণে বাদ তপু বর্মণ

Published: September 19, 2026, 9:46 am

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চোটের কারণে এই স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবং দলের সঙ্গে অনুশীলন করতে না পারায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ থমাস ডুলি। নতুন ও পুরাতনের মিশেলে গড়া এই স্কোয়াড নিয়ে ইন্দোনেশিয়ায় নিজেদের মেলে ধরতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আসিয়ান কাপের উদ্বোধনী আসর। ইন্দোনেশিয়া ও হংকংয়ে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ইন্দোনেশিয়া পর্বে খেলবে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

ঘোষিত দলে প্রবাসী ফুটবলারদের বেশ প্রাধান্য দেওয়া হয়েছে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্রবাসী খেলোয়াড় শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। এছাড়া ইংল্যান্ডের ক্লাব বোরহ্যাম উড এফসির হয়ে খেলা ফারহান আলীও ডাক পেয়েছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান। তবে ট্রায়ালে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার গোলরক্ষক সাইফ কেরাওয়ালা শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি।

বাফুফের ঘোষিত ২৩ সদস্যের দলে গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। রক্ষণভাগে তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মঞ্জুরুর রহমান ও রহমত মিয়াকে রাখা হয়েছে। মাঝমাঠ সামলাবেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা ও শেখ মোরছালিন। আর আক্রমণভাগের দায়িত্বে থাকবেন রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহামিদুল ইসলাম ও ফারহান আলী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh