বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার প্রতিবাদে যুক্তরাজ্যে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লন্ডনের আলতাব আলী পার্কে এই সভার আয়োজন করে জাস্টিস ফর জুলাই ইউকে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং মেজর আখতারুজ্জামানসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে।
প্রতিবাদ সভায় জাস্টিস ফর জুলাই ইউকের দাবির প্রতি সংহতি প্রকাশ করে অংশ নিয়েছে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকে। বক্তারা বর্তমান বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, জনগণের জানমালের সুরক্ষা ও মৌলিক অধিকার সমুন্নত রাখা যেকোনো সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বা ভিন্নমতের কারণে কোনো নাগরিক যাতে হয়রানি, নির্যাতন কিংবা অন্যায় গ্রেপ্তারের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা—ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। কোনো দল ক্ষমতায় থাকলেই তারা জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না। তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় প্রবাসীদের হয়রানির বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা যেন যাতায়াতের সময় সম্মানজনক আচরণ ও সেবা পান, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সভায় বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো হয়। ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকের প্রতিনিধিরা বাংলাদেশের মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জাস্টিস ফর জুলাই ইউকের সভাপতি সিরাতুল আম্বিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তালহার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, কমিউনিটি নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ ও সাংবাদিক এনাম চৌধুরী প্রমুখ।
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১: ২১আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১: ২৫





