গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় অবস্থিত একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, তারা ৫টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পান। সংবাদ পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের সাথে যুক্ত হয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।





