ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা লংমার্চের মতো কর্মসূচি না করে সরকারকে কাজ করার জন্য সময় দেয়। তিনি জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সরকারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির যৌথ উদ্যোগে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ শীর্ষক একটি কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক আব্দুস সালাম বলেন, পুরাতন স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ তৈরি না করে বরং বর্জ্য পরিষ্কারের মতো জনকল্যাণমূলক কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা উচিত।
এ সময় তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও ডিজেল উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ করছে ডিএসসিসি। এছাড়াও ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করে তোলার জন্যও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।





