চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক নিজের অফিস পরিচালনা ও আপ্যায়নের জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকা শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করেছেন। এই অর্থ নিজের কাজে ব্যবহার না করে তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে কম্পিউটার এবং একটি হলে পানির ফিল্টার উপহার হিসেবে প্রদান করেছেন।
সোমবার সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ তথ্য জানান আইয়ুবুর রহমান তৌফিক। এর আগে গত শনিবার তিনি নিজে উপস্থিত থেকে হলগুলোতে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।
এ বিষয়ে আইয়ুবুর রহমান তৌফিক বলেন, তার অফিস পরিচালনা ও চা-নাস্তার জন্য বরাদ্দ হওয়া আড়াই লাখ টাকার এক টাকাও তিনি নিজের জন্য ব্যয় করেননি। সেই বরাদ্দের অর্থ দিয়েই শাহজালাল হল, অতীশ দীপঙ্কর হল এবং বিজয়-২৪ হলে কম্পিউটার উপহার দিয়েছেন তিনি। এছাড়া শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির দীর্ঘদিনের সংকট নিরসনে ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার বসিয়ে দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, দায়িত্ব পালনের পুরো এক বছরে অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতসহ সব ধরনের খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ নিজের পেছনে খরচ করেননি।





