চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক ও স্কাউট সংগঠক মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন

Published: October 25, 2026, 6:49 pm

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সদস্য ও গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। জানাজা শেষে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে এই প্রয়াত সংগঠকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুরে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন কে এম মাহফুজুর রহমান।

রবিবার সকালে অনুষ্ঠিত জানাজায় জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

শিক্ষা জীবন থেকেই স্কাউট আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন মাহফুজুর রহমান। দীর্ঘদিনের সক্রিয় সম্পৃক্ততায় তিনি একজন দক্ষ স্কাউট সংগঠক হিসেবে পরিচিতি অর্জন করেন এবং সদর উপজেলা স্কাউটসের সম্পাদকের দায়িত্বও পালন করেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি বদলি হয়ে গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin