কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

Published: October 25, 2026, 5:08 pm

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, তৌহিদুর রশিদ দুপুরে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে তার বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে।

অটোরিকশাটির পথ থামিয়েই প্রাইভেটকারের ভেতর থেকে এক ছিনতাইকারী হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ঘটনার পরই দ্রুতগতিতে প্রাইভেটকারটি টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তৌহিদুর রশিদ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। তবে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা এলাকা ছেড়ে সটকে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, টাকা ছিনতাইয়ের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy