ফরিদপুরে বালুবাহী ট্রাক উল্টে মা-ছেলেসহ নিহত ৩

Published: October 23, 2026, 2:31 pm

ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে শুক্রবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিকেল সাড়ে চারটার দিকে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ও ব্যাটারিচালিত রিকশার ওপর উল্টে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মাগুরার মহম্মদপুর থানার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) এবং তার সাত বছর বয়সী ছেলে শাওন রয়েছেন। দুর্ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একজন অটোরিকশাচালক, তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর থেকে কানাইপুরের দিকে যাচ্ছিল বালুবাহী ট্রাকটি। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের ওপর উল্টে যায়।

ট্রাকটি উল্টে যাওয়ার সময় সামনে থেকে আসা একটি প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ইজিবাইক সেটির নিচে চাপা পড়ে। প্রাইভেট কারটির একাংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে পুরোপুরি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালু সরিয়ে ইজিবাইক থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার হওয়া চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে দুজনকে এবং পরবর্তীতে আরও একজনকে মৃত ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh