ডিবি-ডিজিএফআই পরিচয় দিয়ে অপহরণ, ময়মনসিংহে পুলিশি তৎপরতায় উদ্ধার যুবক

Published: September 19, 2026, 6:01 am

ময়মনসিংহে ডিবি ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য পরিচয়ে অপহরণের শিকার আবদুস সামাদ (৩১) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস এলাকার নটর ডেম কলেজের পেছনের একটি নির্মাণাধীন ভবন থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

উদ্ধার হওয়া আবদুস সামাদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পনঘাগড়া এলাকায় এবং তিনি চুরখাই বাজারে গো-খাদ্যের ব্যবসা করেন। তিনি জানান, বাড়ি থেকে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে চুরখাই এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাঁকে তুলে নেয়। অপহরণকারীরা নিজেদের ডিবি ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে তাকে জালালের মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে মারধর করে। এরপর তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল তাকে। ভুক্তভোগী বলেন, "আসল পুলিশ না এলে কী হতো জানি না।"

কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাদিরুল ইসলাম জানান, টহলের সময় তিনি একটি মোটরসাইকেলে তিনজনকে যেতে দেখেন। মাঝখানে বসা যুবকের শারীরিক ভাষা ও মুখভঙ্গি দেখে সন্দেহ হয়। তিনি মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করেন এবং প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর যুবকের চিৎকার শুনতে পান। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের খানসামার শামীম ইসলাম (৩৫), ময়মনসিংহ নগরের আল-আমীন (২০), শেরপুরের নকলা উপজেলার ফারুক আহম্মেদ (৩৫), সুতিয়াখালীর পিয়াস মিয়া (২২) এবং নগরের বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে শামীম ইসলাম নিজেকে সেনাসদস্য হিসেবে পরিচয় দিলেও অনুসন্ধানে জানা গেছে, তিনি ২০০৯ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে ২০২১ সালে ছুটিতে গিয়ে আর ইউনিটে ফেরেননি। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য ও একজন সিটি করপোরেশনের কম্পিউটার অপারেটর আছেন। তাঁরা আগে একই ধরনের ঘটনায় জড়িত ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo