আওয়ামী লীগ নিয়ে দড়ি টানাটানি বুমেরাং হতে পারে: সাইফুল হক

Published: October 23, 2026, 10:29 am

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারা এবং উত্তরণের সম্ভাবনাকে কোনো হটকারিতা বা ষড়যন্ত্রের ফাঁদে পড়ে নষ্ট হতে দেওয়া যাবে না। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক প্রতিবেদন পেশকালে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, পতিত আওয়ামী লীগ নিয়ে অতিরিক্ত দড়ি টানাটানি আখেরে বুমেরাং হয়ে উঠতে পারে। তিনি প্রশ্ন রাখেন যে, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নিয়ে অতিরিক্ত মাতামাতির মধ্য দিয়ে পরোক্ষভাবে তাদের এখনও দেশের রাজনীতির নিয়ামক শক্তি করে তোলা হচ্ছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি কোনো অপশক্তির তৎপরতা আর বরদাস্ত করা হবে না।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সাইফুল হক বলেন, সংসদ বা সংসদের বাইরে অধিকাংশ রাজনৈতিক দলই তাদের আর্থসামাজিক কর্মসূচি বা উন্নয়ন এজেন্ডা নিয়ে বিতর্কে অংশ নিচ্ছে না। তারা এখনও দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং ভাইরাল হওয়ার মতো ‘ব্লেম গেইম’-এর পুরনো রাজনীতির মধ্যেই বন্দি হয়ে আছেন। দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান অধিকাংশ রাজনীতিকের মনস্তত্ত্বে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।

শারদীয় দুর্গোৎসব নিরাপদে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, যা এবার প্রমাণিত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, দেশব্যাপী মানুষের জানমালের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা বড় ঝুঁকির মধ্যে রয়েছে। গত এক বছরে ১ কোটি ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে এবং আরও কয়েক কোটি মানুষ একই ঝুঁকিতে রয়েছে। জনকল্যাণে সরকার কিছু পদক্ষেপ নিলেও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তার সুফল পৌঁছায়নি। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে জনগণ সরকারকে হয়তো কিছুটা সময় দেবে, কিন্তু তা অনিশ্চিত সময়ের জন্য নয়।

সভায় সাইফুল হক প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার যোগদানের অভিজ্ঞতা তুলে ধরেন। তার সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, মাহবুবুল করিম টিপু, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুর রেজা মামুন, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, আওয়াল মাহমুদ, জামাল সিকদার, আবুল কালাম আজাদ ও আইয়ুব আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভার শুরুতে পার্টির প্রয়াত নেতা মোহাম্মদ শাহজাহান ও চিত্রশিল্পী সাঈদা কামালসহ প্রয়াত নেতা-কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy