বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার অনন্য রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের জয়ের ম্যাচে নিজের ৯৮তম ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় নিজের গোলসংখ্যা ১০০-তে নিয়ে যান কেইন।
এর আগে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোলের রেকর্ডটি ছিল ডিটার ম্যুলারের দখলে। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর কোলনের হয়ে ১২৯ ম্যাচে ১০০ গোল করেছিলেন তিনি। প্রায় ৪৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক কেইন। এই অর্জনের পর কেইন জানান, বুন্ডেসলিগায় ১০০ গোল করতে পেরে তিনি গর্বিত। প্রিমিয়ার লিগের পর ভিন্ন একটি লিগেও এই মাইলফলক ছুঁতে পেরে দলের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ম্যাচটিতে বায়ার্ন মিউনিখ ৭-০ গোলে জয়লাভ করে। কেইন দ্বিতীয়ার্ধে নিজের ১০১তম গোলটিও করেন। এছাড়া বায়ার্নের এই ম্যাচে ফ্রান্সের ফরোয়ার্ড মাইকেল ওলিসে হ্যাটট্রিক করেছেন।
২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন ৩৩ বছর বয়সী হ্যারি কেইন। জার্মানিতে নিজের তিন মৌসুমেই তিনি বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এর মধ্যে অভিষেক মৌসুমে ৩৬টি, ২০২৪-২৫ মৌসুমে ২৬টি এবং গত মৌসুমে ৩৫টি গোল করেছেন এই ফরোয়ার্ড।





