প্রয়োজনে আট দফার লংমার্চ এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

Published: September 19, 2026, 4:57 am

জাতির প্রয়োজনে ১১ দলীয় ঐক্যের লংমার্চের আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-রংপুর লংমার্চের সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। দাবি আদায়ের লক্ষ্যে এই আট দফা ৯ বা ১০ দফায় উন্নীত হতে পারে, আবার প্রয়োজনবোধে যেকোনো সময় তা এক দফায় রূপ নিতে পারে। তিনি সতর্ক করে বলেন, এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। তাই সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার পরামর্শ দেন তিনি। অন্যথায় কোনো চোখ রাঙানিতে কাজ হবে না এবং কোনো কিছুকেই পরোয়া করা হবে না বলে তিনি জানান।

সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

একই সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারে এসে মানবাধিকার হরণ করে বিএনপি সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে।

এদিকে ১১ দলীয় ঐক্যের সূত্র জানিয়েছে, রংপুর অভিমুখী এই লংমার্চ কর্মসূচিকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে জোটগতভাবে ১৯টি আসনে জয়লাভ করে তারা রাজনৈতিক ও সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছিল। সেই শক্তির ওপর ভিত্তি করেই এবার বড় জমায়েতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy