প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪৪
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাপের কামড়ে আলমগীর ওঝা (৪৫) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। পেশায় ইজিবাইকচালক হলেও স্থানীয়ভাবে তিনি ওঝা হিসেবে পরিচিত ছিলেন এবং শখের বশে সাপ ধরার কাজ করতেন। মৃত আলমগীর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের সত্তার ওঝার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শয়তানখালী ঘাটের চরে সাপের খবর পেয়ে সেখানে যান আলমগীর। সেখানে একটি সাপ দেখতে পেয়ে তিনি সেটিকে নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে ধরার চেষ্টা করেন। এ সময় সাপটি তাকে দংশন করে। স্থানীয় বাসিন্দাদের মতে, আলমগীর সাপটি শনাক্ত করতে ভুল করেছিলেন; বাস্তবে সেটি ছিল বিষধর কালাচ সাপ।
দংশনের পর হাসপাতালে না গিয়ে আলমগীর প্রথমে তার বাবা সত্তার ওঝার কাছে যান। স্থানীয়দের দাবি, বাবা সত্তার ওঝা ঝাড়ফুঁকের মাধ্যমে ছেলের বিষ নামানোর চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। শেষ পর্যন্ত শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছলাম বেপারী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতের বাড়ি পরিদর্শন করেছেন বলেও জানিয়েছেন।





