ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলা, দাবি হুথিদের

Published: September 19, 2026, 3:43 am

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গত ২৪ ঘণ্টায় ২৬টি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে সৌদি আরব এই হামলাগুলো পরিচালনা করে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানা গেছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির নেতারা জানিয়েছেন, সম্প্রতি তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং সামরিক ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে সৌদি বিমান হামলা চরম মাত্রায় বৃদ্ধি পেয়েছে। গত ৮ সেপ্টেম্বর থেকে সৌদি আরব এই নতুন বিমান অভিযান শুরু করে। হুথিদের দাবি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র এক সপ্তাহে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

এরই মধ্যে গত ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির চারপাশে জড়ো হয়ে হুথি যোদ্ধারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিচ্ছেন।

মূলত গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে সৌদি আরবের সঙ্গে হুথি গোষ্ঠীর উত্তেজনা তীব্র রূপ নেয়। এর আগে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবের জ্বালানি খাতের ব্যাপক ক্ষতিসাধন করে বিদ্রোহীরা। এরপর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী কৌশলগত বাব এল মান্দেব প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথি যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এত দিন এই বাব এল মান্দেব প্রণালি দিয়েই নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব। ফলে এই প্রণালির নিয়ন্ত্রণ হারানো রিয়াদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ইয়েমেনের উত্তরাঞ্চলের বাসিন্দা হুথিরা মূলত যায়িদি শিয়াপন্থি মুসলিম সম্প্রদায়ভুক্ত। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেনের নিয়ন্ত্রণ ধরে রাখা এই গোষ্ঠীটি এখন পুরো দেশের দখল নিতে চায়। আর এই লক্ষ্য অর্জনে তাদের প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে সৌদি আরব এবং দেশটির সমর্থিত ইয়েমেনি সরকারি সেনাবাহিনী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh