যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হিন্দু মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় হিন্দু-বিদ্বেষী ও বর্ণবাদী মনোভাবের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন প্রশাসনের প্রতি আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর ইলিনয়ের প্যালাটাইন এলাকা থেকে ১৯ বছর বয়সী আলেকজান্দ্রোস পাপোরাকিসকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে, তিনি অঙ্গরাজ্যটির অরোরা এলাকায় অবস্থিত একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনার প্রেক্ষিতে বলেন, মন্দিরে নির্বিচারে গুলি চালানোর কথিত এই পরিকল্পনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনায় যে ধরনের হিন্দু-বিদ্বেষী ও বর্ণবাদী মনোভাবের প্রতিফলন ঘটেছে, তা ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ উদ্বেগের বিষয়।





