একটি শিশুর মানসিক বিকাশ, মূল্যবোধ ও ভবিষ্যৎ জীবনযাত্রার মূল ভিত্তি গঠিত হয় প্রাথমিক শিক্ষাকালেই। কৃষিপ্রধান বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিকর খাদ্যাভ্যাস, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে শিশুদের শৈশব থেকেই সুস্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। এই শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম, গ্রন্থাগার ও ব্যবহারিক কার্যক্রমকে একসূত্রে বাঁধার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, একটি সক্রিয় গ্রন্থাগার, শিশুতোষ কৃষিবিষয়ক বই, দক্ষ শিক্ষক এবং বিদ্যালয় প্রাঙ্গণে ছোট একটি সবজি বাগান—এই চার উপাদানের সমন্বয়ে কার্যকর শিক্ষাপরিবেশ গড়ে তোলা সম্ভব।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) দীর্ঘদিন ধরেই স্কুলভিত্তিক বাগান ও কৃষিশিক্ষাকে শিশুদের শিক্ষা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তার সঙ্গে যুক্ত করার ওপর জোর দিয়ে আসছে। বিদ্যালয় প্রাঙ্গণের বাগান কেবল খাদ্য উৎপাদনের স্থান নয়, বরং তা কৃষি, পুষ্টি, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বাস্তব অভিজ্ঞতার মাধ্যম হতে পারে। আন্তর্জাতিক গ্রন্থাগার সমিতি ও প্রতিষ্ঠানসমূহের ফেডারেশন (আইএফএলএ) এবং ইউনেসকোর ২০২৫ সালের স্কুল লাইব্রেরি ম্যানিফেস্টোতেও মানসম্মত শিক্ষার জন্য গ্রন্থাগারের ভূমিকা চিহ্নিত করা হয়েছে। বিদ্যালয় গ্রন্থাগারে সহজ ভাষায় লেখা ছবিনির্ভর কৃষি ও পুষ্টিবিষয়ক বই, কৃষিভিত্তিক গল্প এবং পরিবেশ প্রযুক্তির বই রাখা হলে শিশুরা আনন্দের সঙ্গে জানতে পারবে খাদ্য উৎপাদন প্রক্রিয়া ও পুষ্টির সম্পর্ক।
বাংলাদেশে শিশুদের পুষ্টি ও খাদ্যাভ্যাসের বর্তমান চিত্র বেশ উদ্বেগজনক। ইউনিসেফের ২০২৪ সালের এক প্রতিবেদন অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী প্রতি তিন শিশুর মধ্যে প্রায় দুজন খাদ্যদারিদ্র্যের শিকার এবং প্রায় এক কোটি শিশু খাদ্যবৈচিত্র্যের ঘাটতিতে ভুগছে। এ ছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বতা ও অপুষ্টির হারও বেশি। এ বাস্তবতায় টেকসই কৃষি ও সুষম খাদ্যাভ্যাসের জ্ঞান ছড়িয়ে দিতে পরিবার ও সমাজের পাশে প্রাথমিক বিদ্যালয়গুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন।
প্রাথমিক শিক্ষায় কৃষিকে যুক্ত করার একটি প্রস্তাবনা হলো বিদ্যালয়গুলোতে মাসে এক দিন ‘কৃষিজ্ঞান বিতরণ দিবস’ পালন করা। ওই দিন স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, গবেষক, পুষ্টিবিদ ও গ্রন্থাগারিকদের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি কথা বলতে পারবে। কৃষক তাঁর চাষাবাদের অভিজ্ঞতা তুলে ধরবেন, কৃষি কর্মকর্তা বোঝাবেন জলবায়ু-সহনশীল কৃষির প্রয়োজনীয়তা, আর গ্রন্থাগারিক প্রদর্শন করবেন প্রাসঙ্গিক বইপত্র। এর ফলে কৃষির সঙ্গে জীবন, সমাজ ও অর্থনীতির যে নিবিড় সম্পর্ক রয়েছে, তা শিশুরা অনুধাবন করতে পারবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় শিশুকাল থেকেই সচেতনতা সৃষ্টি করা অপরিহার্য। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দুর্যোগের কারণে বাংলাদেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়; তীব্র তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে অনেক এলাকার শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ পর্যন্ত বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন ছিল। তাই প্রাথমিক পর্যায় থেকেই বৃষ্টির পানি সংরক্ষণ, মাটিক্ষয় প্রতিরোধ, গাছের ভূমিকা, লবণাক্ততার প্রভাব এবং জলবায়ু অভিযোজন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন।
অবশ্য পাঠ্যক্রমে কৃষিশিক্ষা যুক্ত করার ক্ষেত্রে মূল শিখন দক্ষতা যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখার তাগিদ দেওয়া হয়েছে। ইউনিসেফের ২০২৫ সালের বহুমাত্রিক সূচকভিত্তিক জরিপের (এমআইসিএস) প্রাথমিক ফলাফল বলছে, ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে ৫০.২ শতাংশের মৌলিক পাঠদক্ষতা এবং ৩৯.২ শতাংশের মৌলিক গণনাদক্ষতা রয়েছে। আবার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির স্তরে থাকা শিশুদের মাত্র ২৪ শতাংশ পাঠদক্ষতার এবং ১৮ শতাংশ গণনাদক্ষতার সব মানদণ্ড পূরণ করতে পারছে। এজন্য বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার মূল লক্ষ্য ঠিক রেখে গল্প, ছবি ও হাতে-কলমে কাজের মাধ্যমে কৃষিশিক্ষা দেওয়া উচিত।
শিশুদের শারীরিক বৃদ্ধির জন্য ডিম, দুধ, মাছ ও মাংসের মতো প্রাণিজ আমিষের ভূমিকা অপরিসীম। এসব খাদ্য পেশি গঠন, টিস্যু মেরামত ও শরীরের বৃদ্ধিতে সহায়তা করে। পরিবারের রান্নাঘর থেকে পুষ্টির সূচনা হলেও অনেক পরিবার সঠিক খাদ্য সংরক্ষণ ও সুষম খাবার সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। এ ক্ষেত্রে বিদ্যালয়গুলো অভিভাবক সম্মেলনের আয়োজন করে সচেতনতা বাড়াতে পারে। এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিশেষজ্ঞ তথ্য ও গবেষণা ব্যবহার করে বইপত্রে প্রাণিজ ও উদ্ভিজ্জ আমিষের গুরুত্ব অন্তর্ভুক্ত করতে পারে।
একই সঙ্গে শিক্ষা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও তথ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সম্পূরক পাঠসামগ্রী, বইপড়া কর্মসূচি ও স্কুলভিত্তিক বাগান পরিচালনা জোরদার করা সম্ভব। এতে করে একটি সুস্থ, বিজ্ঞানমনস্ক ও পরিবেশসচেতন প্রজন্ম গড়ে উঠবে। নিবন্ধটি রচনা করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কৃষি তথ্যকেন্দ্রের লাইব্রেরি অ্যান্ড রিপ্রোগ্রাফিক শাখার ক্যাটালগার মো. আশরাফুল আলম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডেপুটেশনে থাকা নলডাঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. তাহেরা আক্তার।





