শাল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে বিতর্কিতদের নিয়োগ বাতিল

Published: October 15, 2026, 9:07 am

সুনামগঞ্জের শাল্লায় সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর শুমারির কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিল করা হয়েছে। স্থানীয় নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। নতুন করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ায় স্থানীয় সচেতন মহলে স্বচ্ছতা নিয়ে সন্তোষ প্রকাশ পেয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট ‘শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়োগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিতর্কিত ব্যক্তি, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলোচিত নাম এবং দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি সামনে আনা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পরপরই কর্তৃপক্ষ নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।

অভিযোগ রয়েছে যে, ফ্যামিলি কার্ডের মতো অত্যন্ত সংবেদনশীল সামাজিক সুরক্ষা কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই যথাযথভাবে করা হয়নি। স্থানীয় পর্যায়ে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচির তথ্য সংগ্রহে নিয়োজিত ব্যক্তিদের নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি, কারণ ভুল তথ্য বা পক্ষপাতিত্বের কারণে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।

নতুন করে ছয়জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাসুকুল ইসলামের স্থলে মাসুম বিল্লাহ, সৌরভ সমাজপতির স্থলে সোবেল আহমেদ, তুহিন মিয়ার স্থলে হাজিরুল ইসলাম, জুয়েল দাশের স্থলে বন্যা রানী সরকার এবং পাম্পী সরকারের স্থলে রেমী রানী সরকার জুইকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সুপারভাইজার সুজন আহমেদ প্রবাসে চলে যাওয়ায় তার স্থলে আশিকুর রহমান আশিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফ্যামিলি কার্ড স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী জানান, যাদের অযোগ্য বা অদক্ষ মনে হয়েছে, তাদের নিয়োগ বাতিল করে যোগ্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শাল্লা ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডসহ বাহাড়া ও হবিবপুর ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বপতি চক্রবর্তী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না এবং নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদেরই কার্ডের আওতায় আনা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh