সরকারকে বেকায়দায় ফেলতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

Published: October 14, 2026, 8:01 am

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে 'আমরা বিএনপি পরিবার'-এর উদ্যোগে স্থানীয় বাসিন্দা লকাই বিশ্বাসের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। একই সঙ্গে তার চিকিৎসার জন্য সহায়তা প্রদান এবং নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সেই পরিস্থিতি সামাল দিতেই সরকার দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের সমালোচনা করে বলেন, তারা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন। এ ছাড়া নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদ্দাছের আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন, বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh