জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাত্র ছয়টি আসনের বিনিময়ে জামায়াতে ইসলামীর কাছে 'নতুন বন্দোবস্ত' বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি নামক এই 'কিংস পার্টি'র উত্থান ঘটে। শুরুতে দলটি নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বললেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে দলটি মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটি প্রক্সি সংগঠন।
মুখপাত্র আরও জানান, এনসিপি শুরুতে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে ৩০০ আসনের বিপরীতে ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায়, মাত্র ৬টি আসনের বিনিময়ে তারা জামায়াতের কাছে নতুন বন্দোবস্ত বিক্রি করে দিয়েছে। তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টি হিসেবে পরিচিত এই নব্য দলটি রাজনীতি শেখার আগেই প্রতারণা শিখেছে বলে তিনি মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের মুখপাত্র আরও যোগ করেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করে অনেক অংশীজনকে মাইনাস করেছে। তিনি বলেন, দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে উল্টো অন্যদের নৈতিকতার সবক দিচ্ছেন।





