ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published: October 13, 2026, 10:45 am

ডেঙ্গু পরিস্থিতির বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার এবং জুমার নামাজের খুতবায় এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এই নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ প্রেস সচিব হাসান শিপলু।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের হার বেশি, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাসান শিপলু জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় করণীয় সম্পর্কে বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin