ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

Published: October 13, 2026, 8:49 am

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়াই তার বিরুদ্ধে এমন আচরণের কারণ বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ড. ইউনূসের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে, যা তিনি নিজেও দেশে বসে করেছেন, কিন্তু এ ধরনের হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তথ্য উপদেষ্টা জানান, সরকারের একজন প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রী ও আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সরকার এসব ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে চিহ্নিত করছে। ওই অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে।

গণমাধ্যমের সংবাদ উপস্থাপনার ধরন নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংবাদ উপস্থাপনা আইনি সীমার মধ্যে আছে কি না, তা বিবেচ্য বিষয়। প্রত্যেক গণমাধ্যমের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ঘটনা ব্যাখ্যা করার সুযোগ থাকলেও আইনি সীমা লঙ্ঘন করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনগত ব্যবস্থা নিতে পারেন। অপসাংবাদিকতা মোকাবিলায় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এজন্য আইন পরিবর্তনসহ প্রয়োজনীয় কাজ এগিয়ে চলছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চায় তিনি দেশে ফিরুন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার ও সাজা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে ভারতকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। তিনি ডিসেম্বরে দেশে ফিরলেও সরকারের কোনো সমস্যা নেই, বরং দেশের বিচারব্যবস্থার মাধ্যমেই তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার নিশ্চিত করতে চায় সরকার। এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy