উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

Published: October 12, 2026, 7:30 am

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ভবনের জানালার কাচ ভেঙে গেলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এই হামলা চালানো হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একদল নারী-পুরুষ ব্যানার হাতে বাসার সামনে এসে অবস্থান নেয়। প্রায় দশ মিনিট পর সেখান থেকে ইট-পাটকেল ছোড়া শুরু হয় এবং একপর্যায়ে ভাঙচুর চালানো হয়।

জি এম কাদের জানান, ঘটনার সময় তিনি বাসায় নাশতা করছিলেন। তিনি বলেন, হঠাৎ করেই চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সে সময় বাসায় তেমন কেউ ছিল না। জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়লেও বাসার গেটে তালা লাগানো থাকায় হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে বুঝতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, বেলা ১১টার দিকে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন এই হামলায় অংশ নেয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে তারা বাইরে থেকেই ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালিয়েছে, ভেতরে ঢোকার সুযোগ পায়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin