রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত অন্তত ১১

Published: October 12, 2026, 4:31 am

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবারের ভয়াবহ হামলার রেশ না কাটতেই রোববার বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার মধ্য দিয়ে গত এক সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি অজ্ঞাত প্রজেক্টাইল বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪-এ আঘাত হানে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এই হামলায় একজনের মৃত্যু ও ১১ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রানওয়েতে থাকা বেশ কয়েকটি বিমানের খুব কাছে প্রজেক্টাইলটি আঘাত হানলে আগুন ধরে যায় এবং যাত্রীদের দ্রুত বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

একই সময়ে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, রিয়াদের পাশাপাশি তারা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনাতেও সফল হামলা চালিয়েছেন। সৌদি কর্তৃপক্ষ দাম্মাম বিমানবন্দরে আঘাতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ চলছে। এছাড়া সৌদি জোট জানিয়েছে, তারা পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন এবং দক্ষিণ সীমান্তসংলগ্ন খামিস মুশাইতে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ রিয়াদের সমস্ত স্কুলে সশরীরে পাঠদান বন্ধ রেখে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। হুতিরা সৌদি আরবের সমস্ত বিমানবন্দর এড়িয়ে চলতে বেসামরিক উড়োজাহাজগুলোকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি জোট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ইয়েমেনে ১২৪ দফা বিমান হামলা চালিয়েছে এবং আক্রমণ বন্ধ না হলে আরও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে বৃটেন তাদের নাগরিকদের মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোনো বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষও সৌদি আকাশসীমায় চলাচলে সতর্কতা জারি করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin