সৌদি-ইয়েমেন সংলাপে সহায়তার প্রস্তাব দিল ইরান

Published: October 12, 2026, 3:19 am

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং একটি টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই অবস্থান তুলে ধরেন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

আব্বাস আরাগচি রোববারের এক বার্তায় স্পষ্ট করেছেন যে, এই অঞ্চলের সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধানের পথ উপেক্ষা করে সামরিক পদক্ষেপের ওপর নির্ভর করলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এর আগে গত সপ্তাহেও তিনি বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে সামরিক সমাধানের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, ন্যায়বিচার ও ন্যায্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমেই কেবল সংঘাতের অবসান সম্ভব।

ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও বর্তমানে কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির পর দেশ দুটি পুনরায় দূতাবাস চালু করে, যা সাত বছর ধরে বন্ধ ছিল। ওই বিরতির সময়ে উভয় দেশের সমর্থিত পক্ষগুলোর মধ্যে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পেয়েছিল।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান ও সৌদি আরবের সম্পর্কে অবনতি ঘটেছিল। সেই সময় ইরান ও দেশটির সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালায়, যার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরবের তেলক্ষেত্রও ছিল। এর প্রেক্ষিতে ২০২৬ সালের মার্চ মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল তেহরানকে তাদের কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সতর্ক করেছিলেন যে, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা সহ্য করার সুযোগ সীমিত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh