জিবুতি উপকূলে নৌকাডুবি: শিশুসহ ১৩৯ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

Published: October 11, 2026, 3:15 pm

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে মোট ৩০৫ জন যাত্রী ছিলেন, যারা জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাত্রা করেছিলেন।

নিহতদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছেন। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচে ফিরেছেন, যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে এখনো প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আইওএম জানিয়েছে, হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দিয়ে উপসাগরীয় দেশগুলোর দিকে যাত্রা করেন। ইয়েমেনে চলমান সহিংসতা সত্ত্বেও এই ঝুঁকিপূর্ণ অভিবাসন যাত্রা অব্যাহত রয়েছে।

ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে জিবুতিতে আইওএমের মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক বলেন, এই ট্র্যাজেডিটি সেইসব বিপদের কথা স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, যার মুখোমুখি হতে হয় অভিবাসীদের। আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ এ বিষয়ে বলেন, নিরাপদ কোনো বিকল্প উপায় নেই বলে বিশ্বাস না করলে কেউ এমন ঝুঁকিপূর্ণ নৌকায় ওঠে না। এসব মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না জানিয়ে তিনি সরকার ও দাতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আইওএমের ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’-এর তথ্যমতে, গত বছর এই পথে ৯০০-এরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy