উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের অর্থের সর্বোচ্চ সতর্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এসব লক্ষ্য অর্জনে বাজেট বরাদ্দ দেওয়া হবে, তবে এই অর্থের মালিক জনগণ। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।
সরকারি দায়িত্ব পালনকে দেশের মানুষের জন্য কাজ করার একটি বিশেষ সুযোগ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগকে দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যতটুকু কাজ করার সুযোগ আছে, তা যেন আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হয়। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না, তাই দায়িত্বে থাকাকালীন জনগণের জন্য কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত প্রদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আরও আলোচনার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা তাদের পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





