ছয় দফা দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক নেতা আজিজীর

Published: October 10, 2026, 4:02 pm

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণ, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধ এবং বদলির আদেশ দ্রুত জারিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী। শনিবার বিকেলে ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সরকারি কর্মচারীদের তুলনায় তারা আর্থিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। কোনো শর্ত বা বৈষম্য ছাড়াই সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে এক ঘোষণায় জাতীয়করণের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা ভাতাসহ সব আর্থিক সুবিধা সরকারি কর্মচারীদের আদলে নিশ্চিত করতে হবে। নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণের পাশাপাশি চিকিৎসা ভাতার বৈষম্য নিরসনের দাবিও জানান তিনি।

এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু, অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধ এবং বদলি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান এই শিক্ষক নেতা। এ সময় বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh