গাইবান্ধায় স্তন ক্যান্সার সচেতনতায় চার শতাধিক নারীর স্ক্রিনিং

Published: October 10, 2026, 1:31 pm

গাইবান্ধা সদর উপজেলার নশরতপুরে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক একটি বিশেষ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমটি আয়োজিত হয়।

রংপুর ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিইউকে হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানী।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।

আলোচনা পর্বে ডা. মনি রানী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো তুলে ধরেন এবং নিয়মিত স্ব-পরীক্ষা ও স্ক্রিনিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হলে সঠিক চিকিৎসায় তা নিরাময় করা যায়। তাই কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে সংকোচ না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

উক্ত কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জিইউকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ চার শতাধিক নারী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারী নারীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং সম্পন্ন করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin