ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার ও নরেন্দ্র মোদি সরকারের বিদায় ঘটবে বলে দাবি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, এই সরকারের পতনের পরই দেশে গণতন্ত্র মেরামতের কাজ শুরু করা সম্ভব হবে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডির বরাতে জানা গেছে, হিন্দিতে লেখা ওই বার্তার সঙ্গে রাহুল গান্ধী একটি ভিডিও চিত্র যুক্ত করেন। ভিডিওটিতে জাতীয় সংসদের সেন্ট্রাল হলে বিরোধী রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’ ব্লকের সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া তার বক্তব্য তুলে ধরা হয়।
এর আগে শুক্রবার সংবিধান সদনে বিরোধী জোটের সংসদ সদস্যদের এক সভায় বক্তব্য রাখার সময় সিইসি জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে চলা বিতর্কের চেয়েও বড় সংকটের কথা তুলে ধরেন রাহুল। তিনি জোর দিয়ে বলেন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে বর্তমান সরকারের পতন অত্যন্ত জরুরি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিরোধী দলগুলোর জোরালো আন্দোলন বর্তমান মোদি সরকারকে তীব্র চাপের মুখে ফেলেছে। বিরোধীরা যদি একইভাবে আন্দোলন অব্যাহত রাখতে পারে, তবে শেষ পর্যন্ত এই সরকারের পতন ঘটবে।





