বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেপালে শুটিং শেষ করে দেশে ফেরার পরই গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে এত দিন তার গ্রেপ্তারের বিষয়টি আড়ালেই ছিল।
জানা গেছে, নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার ২৫ দিনেরও বেশি সময় শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। কিন্তু আকস্মিক বন্যার কারণে গত ২৮ আগস্ট পুরো শুটিং দল দেশে ফিরে আসে। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে এবং মামলার অন্যান্য আসামিদের সম্পর্কে পুলিশকে কিছু তথ্য দিয়েছেন পলাশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মরতুজা পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার বাকি কাজ শেষ করা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। থ্রিলার ঘরানার এই সিনেমার অধিকাংশ অংশের দৃশ্যধারণ নেপালে সম্পন্ন হলেও বেশ কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনও বাকি রয়েছে। আগামী অক্টোবরে সেসব অংশের শুটিং করার পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু মূল চরিত্রের অভিনেতা কারাগারে থাকায় এখন চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
এ প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, নেপালে সিনেমার সিংহভাগ শুটিং আমরা শেষ করেছি। বাকি কাজগুলো অক্টোবরে করার পরিকল্পনা ছিল। তবে নায়ক কারাগারে থাকায় এখন চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে তিনি দ্রুতই মুক্তি পাবেন। তা না হলে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’ সিনেমাটি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।





