শরীর নিয়ে কটাক্ষের পর নিজের পাশে দাঁড়ানোর বার্তা ক্যাটরিনার

Published: October 9, 2026, 12:01 pm

মাতৃত্বের পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। অন্যের মন্তব্যে কান না দিয়ে নিজেকে ভালোবাসার এবং নিজের পাশে নিজেকেই দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, মানুষ কখনো প্রশংসা করবে আবার কখনো সমালোচনা করবে, তাই সব সময় অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হওয়া উচিত।

সম্প্রতি যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাটরিনা। সেখানে তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বয়ান যেন আমাদের আত্মমূল্যবোধ ও নিজেদের সম্পর্কে ধারণাকে প্রভাবিত না করে। কারণ, সেখানে অনেক মানুষের অনেক মতামত থাকে। সবার মতামত অনুযায়ী চলতে শুরু করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বাধাগ্রস্ত হয়।

জীবনের প্রতিটি পর্যায়ে মানুষ একই রকম আত্মবিশ্বাস অনুভব করে না উল্লেখ করে ক্যাটরিনা বলেন, কোনো দিন নিজের প্রতি ভালো লাগা কাজ করে, আবার কোনো দিন নিজেকেই ভালোভাবে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। তবে এই ওঠানামার মধ্যেও নিজের প্রতি সৎ থাকা জরুরি। নিজেকে বদলে ফেলার চাপ না নিয়ে বরং নিজের বর্তমান অবস্থাকে বুঝতে হবে। তিনি জীবনের এই উত্থান-পতনকে স্বাভাবিকভাবে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং অন্যের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের এগিয়ে চলার পথ আটকে না রাখার পরামর্শ দেন।

ক্যাটরিনার এই বক্তব্যের পেছনে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিতর্ক। গত সেপ্টেম্বর মাসে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক গঠন নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেন কেউ কেউ। সন্তান জন্ম দেওয়ার পর একজন নারী কত দ্রুত আগের শারীরিক গঠনে ফিরবেন, তা নিয়ে সমাজের অযৌক্তিক প্রত্যাশা এবং এই পরিবর্তনকে কেন্দ্র করে ক্যাটরিনাকে কটাক্ষ করার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই পরিস্থিতিতে ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের অন্যান্য তারকারাও। অভিনেত্রী পরিণীতি চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর শরীর নিয়ে এ ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে, সালমান খানও ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে তারকাদের বয়স, চেহারা ও শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার প্রবণতার কড়া সমালোচনা করেন। গর্ভধারণ ও সন্তান প্রসবের পর নারীর ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ করার বিষয়টিও উঠে আসে সালমানের বক্তব্যে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo