সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স, সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস এবং শেরপুর অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ (৪৭) মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা খায়রুল ইসলাম (৪৭) নামের আরেকজন মারা যান। বর্তমানে আহত অপর ছয়জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও জড়িত তিনটি গাড়িই জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।





