আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম নিরপেক্ষ ভেন্যুর টেস্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম সেশনটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১৩৪ রান।
বাংলাদেশের এই দুর্দান্ত শুরুর মূল কারিগর ছিলেন আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম। তবে সেঞ্চুরির দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ৭১ বলের এক টর্নেডো ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। বোলার ইসমাত আলমের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেওয়ার আগে সাদমান ইসলামের সঙ্গে গড়েন ১২৪ রানের শক্তিশালী উদ্বোধনী জুটি।
অন্য প্রান্ত আগলে রাখা ওপেনার সাদমান ইসলাম ইনিংসের শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন। ব্যক্তিগত ৫ রানে একবার জীবন ফিরে পাওয়ার পর নিজেকে সামলে নিয়ে ৪১ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন তিনি। তার সঙ্গে ৫ রান নিয়ে উইকেটে আছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।
প্রথম সেশনে আফগান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন বাংলাদেশি ব্যাটাররা। এই সেশনে আফগানিস্তানের বোলারদের মধ্যে একমাত্র সাফল্যটি পেয়েছেন ইসমাত আলম।





