দেশে প্রথমবারের মতো চার লেনের একটি সাইকেল ট্র্যাক চালু হয়েছে চট্টগ্রামে। শুক্রবার সকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজে সাইকেল চালিয়ে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটির উদ্বোধন করেন। ট্র্যাকটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত বিস্তৃত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়রকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এই উদ্যোগের জন্য তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি আরও বলেন, শুধুমাত্র এই ট্র্যাক নয়, পর্যায়ক্রমে শহরের খালপাড় এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের কাজ হাতে নিতে হবে। নিজের অবস্থান থেকে এই কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সড়ক ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকে মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাতায়াত করতে পারবে। এটি শরীরচর্চার সুযোগ বাড়াবে এবং মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে। পর্যায়ক্রমে নাগরিকদের জন্য সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলেও তিনি জানান। এছাড়া সারাদেশে সাইকেল ট্র্যাক নির্মাণ এবং সড়কের পাশে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন রাখার আহ্বান জানান মন্ত্রী।
নির্মাণশৈলীর দিক থেকে ট্র্যাকটির দুই পাশে দৃষ্টিনন্দন ফুটপাত রাখা হয়েছে। এর মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে মিড আইল্যান্ড এবং পাশাপাশি পথচারীদের জন্য ওয়াকওয়ে রয়েছে। তরুণদের সাইকেল ব্যবহারে আগ্রহী করে তোলা, শরীরচর্চার সুযোগ সৃষ্টি এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, সাইকেল ব্যবহারের হার বাড়লে জ্বালানি খরচ সাশ্রয়ের পাশাপাশি যানজট ও পরিবেশদূষণ কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





