সিজেপির সমাবেশে ইউটিউবার ধ্রুব রাঠি, কেন এত জনপ্রিয় তিনি?

Published: October 9, 2026, 7:31 am

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই সমাবেশে তাঁর সশরীরে উপস্থিতি তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। কর্মসূচিতে অংশ নিয়ে ধ্রুব রাঠি ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) স্বচ্ছতা ও জবাবদিহির তীব্র অভাব রয়েছে বলে অভিযোগ তোলেন। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমি এখানে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে আসিনি।’ তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সিজেপির এই আন্দোলনে তাঁর যোগ দেওয়া ভারতের মোদি সরকারের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে।

ধ্রুব রাঠির অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের ৮ অক্টোবর হরিয়ানা রাজ্যের রোহতকের একটি হিন্দু জাট পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর বাবা মহাবীর রাঠি ও মা উর্মিলা রাঠি। একটি সুশিক্ষিত ও আন্তরিক পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার কারণে শৈশব থেকেই বিজ্ঞান, ইতিহাস ও সমসাময়িক ঘটনার প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। হরিয়ানায় প্রাথমিক শিক্ষা শেষ করার পর মাত্র ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য তিনি জার্মানিতে পাড়ি জমান। সেখানে নামকরা কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে নবায়নযোগ্য জ্বালানি প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জার্মানিতে বসবাস করলেও নিয়মিত ভারতে যাতায়াত করেন এবং কনটেন্টের মাধ্যমে দেশের অগ্রগতির সঙ্গে যুক্ত থাকেন।

জার্মানিতে কলেজ জীবনে থাকাকালীন ২০১৩ সালে শখের বশে প্রযুক্তি ও পরিবেশগত বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি শুরু করেন ধ্রুব রাঠি। তবে ২০১৪ সালে বিজেপি সরকারের কার্যক্রম ও পারফরম্যান্স বিশ্লেষণ করে তৈরি করা তাঁর একটি ভিডিও প্রথম ভাইরাল হয়, যা তাঁকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি এনে দেয়। এরপর থেকে সামাজিক সমস্যা, ইতিহাস, রাজনীতি ও বিজ্ঞান নিয়ে তথ্যনির্ভর ও পক্ষপাতহীন ভিডিও তৈরি করে আসছেন তিনি।

২০১৩ সালে পড়াশোনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রযুক্তি ও পরিবেশ নিয়ে ভিডিও তৈরির মাধ্যমে ইউটিউব চ্যানেল চালু করেন।২০১৪ সালে বিজেপি সরকারের কার্যক্রম বিশ্লেষণ করে তৈরি করা প্রথম ভিডিও ভাইরাল হয় এবং রাজনৈতিক কনটেন্ট তৈরির যাত্রা শুরু হয়।২০১৮ সালে ভ্রমণ ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য 'ধ্রুব রাঠি ব্লগস' নামে দ্বিতীয় ইউটিউব চ্যানেল চালু করেন।২০২২ সালে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মোট সাবস্ক্রাইবার ও অনুসারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়।২০২৩ সালে নাস একাডেমির সঙ্গে যৌথভাবে 'ধ্রুব রাঠি একাডেমি' চালু করেন এবং প্রথম সময় ব্যবস্থাপনাবিষয়ক কোর্স নিয়ে আসেন।বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্রুব রাঠির অনুসারীর সংখ্যা আকাশচুম্বী। তাঁর মূল ইউটিউব চ্যানেলে (@DhruvRathee) সাবস্ক্রাইবার সংখ্যা ৩ কোটি ৩০ লাখ এবং ভ্রমণবিষয়ক ভ্লগ চ্যানেলে (@DhruvRatheeVlogs) রয়েছে ৩৫ লাখ ৩০ হাজার সাবস্ক্রাইবার। এছাড়া ইনস্টাগ্রামে ১ কোটি ৯১ লাখ, ফেসবুকে ৭৬ লাখ এবং এক্সে (সাবেক টুইটার) ৩৩ লাখ ফলোয়ার রয়েছে তাঁর। ধ্রুব রাঠির মতে, এই মাইলফলকগুলো কেবল তাঁর কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বিকাশের গল্পই বলে না, বরং জটিল বিষয়গুলোকে মানুষের কাছে সহজভাবে তুলে ধরার এক বড় মাধ্যম হয়ে উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo