ভোলার ইলিশা সড়কে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাওলানা ইউনুস (৮০) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ইলিশা সড়কের পাকার মাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা ইউনুস স্থানীয় ইলিশা বাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন মাওলানা ইউনুস। এ সময় ভোলা সদর থেকে ইলিশা লঞ্চঘাটগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই চালক সিএনজিটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাওলানা ইউনুস ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মজিবল হক হাওলাদারের ছেলে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





