‘মৃত্যুর পর লাশও হয়তো দেশে ফেরাতে দেবে না’: কলকাতায় তসলিমা নাসরিন

Published: October 9, 2026, 6:57 am

দীর্ঘ বিরতির পর সম্প্রতি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। কলকাতায় এসে তিনি জানিয়েছেন, ভারতে মতপ্রকাশের স্বাধীনতা থাকায় তিনি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন। তবে নিজের জন্মভূমি বাংলাদেশে আর কখনো ফিরতে পারবেন না—এমন বাস্তবতাকে মেনে নিয়েছেন তিনি। এমনকি মৃত্যুর পর তাঁর মরদেহও হয়তো বাংলাদেশে ফেরাতে দেওয়া হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই লেখিকা।

বুধবার দুপুরে পাঁচদিনের সফরে কলকাতায় এসে পৌঁছান তসলিমা নাসরিন। মূলত দুটি অনুষ্ঠানে অংশ নিতে তাঁর এই শহরে আসা। এর আগে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের ব্যবধানে কলকাতা ছেড়ে যাওয়া এই লেখিকা সম্প্রতি পশ্চিমবঙ্গে ফিরে এসে জানান, তিনি বারবার কলকাতায় ফিরে আসবেন। তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১২ তারিখ পর্যন্ত তিনি এই শহরে থাকবেন। এবারের দুর্গাপূজায় কলকাতায় না থাকলেও, এখানকার পূজা তিনি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার কলকাতার মহাজাতি সদনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইলেকট্রনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেন, 'ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। বাংলাদেশে আমি আর ফিরতে পারব না, সেটা মেনে নিয়েছি। আমি কেন, আমার মৃত্যুর পর ওরা আমার লাশও হয়ত ফেরাতে দেবে না।'

এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে মহাজাতি সদনের অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে ‘উমা’ সম্মাননা প্রদান করা হয়। মঞ্চে তিনি ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে হাজির হন, যেখানে তাঁর কবিতা এবং বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির আকর্ষণীয় নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং প্রখ্যাত জাদুকর পিসি সরকার জুনিয়র।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin