হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

Published: October 9, 2026, 4:52 am

মানিকগঞ্জের হরিরামপুরে ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইয়ারদ্দি বেপারী (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়কের কচুয়ার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়ারদ্দি বেপারী ওই উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের বাসিন্দা দানেজ বেপারীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে ভ্যানটি বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়ক ধরে যাওয়ার সময় কচুয়ার মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ইজিবাইকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইয়ারদ্দি বেপারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা এসে জানিয়েছেন যে, এই ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh