চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি কফি শপে জুয়া বিরোধী অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে অবস্থিত বিপুল উদ্দিনের কফি শপে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামান (২৩)।
অভিযান পরিচালনাকারী পুলিশ দল জানায়, জুয়ার আসর থেকে আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন, ৬টি সিম কার্ড এবং ৪টি এটিএম কার্ড উদ্ধার ও জব্দ করা হয়।
এই ঘটনায় আলমডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬/১৭/১৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৮। গ্রেপ্তারকৃত তিন যুবককে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।





